বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

বেদনাসিক্ত ১৫ আগষ্টঃ জাতীয় শোক দিবস

১৯৭৫ সালের ১৫ আগষ্ট সুবহে সাদেকের সময় মসজিদ গুলোয় ধ্বনিত হচ্ছিল মহান সৃষ্টিকর্তার পবিত্র বাণী- তোমরা ঘুম থেকে জাগ্রত হও, নামাজ আদায় কর। এসময় ধানমন্ডির লেকের পাড়ে চলছিল একদল নরপিশাচ রক্তখেকো মানুষ বেশধারী হায়েনার  হত্যাযজ্ঞ। পবিত্র আজানের ধ্বনিকে বিদীর্ণ করে চলছিল ঘাতকদের মেশিনগানের ঝাঁকে ঝাঁকে গুলি। গুলির আঘাতে বাড়ির সিঁড়িতে পড়ে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত মৃতদেহ। আর অন্যত্র ছড়ানো-ছিটানো ছিল বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন নেছা মুজিব, জ্যেষ্ঠ ছেলে শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, অপর ছেলে শেখ জামাল ও তার স্ত্রী রোজী কামাল, অপর ছেলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের আরও ২৮ সদস্য। পরম করুণাময়ের অশেষকৃপায় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ মেয়ে শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদেরই শুধু হত্যা করেনি, বাঙালি জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রবিন্দুকে নস্যাৎ করতে চেয়েছিল। ৪০ বছর আগের সেই শোকাবহ দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

সেদিন বঙ্গবন্ধু পরিবারের হত্যাযজ্ঞ শেষ হলে সেনাবাহিনীর একটি দল শাহবাগের বেতার কেন্দ্র দখল করে বরখাস্তকৃত মেজর ডালিম ঘোষণা করেছিল বঙ্গবন্ধুকে হত্যা এবং কারফিউ জারির কথা। দেশবাসী এবং বিশ্ববাসী তখন হতবিহ্বল। অপরদিকে বঙ্গভবনে তখন খুনি মোশতাক-ডালিমদের বসার মহড়া। চারপাশে খুনি ফারুক-রশিদ গংদের হলাহলি। বেতার টিভিতে তাদের দম্ভোক্তি। অন্যদিকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার লাশ হয়ে পড়ে রইলেন। এভাবেই পার হয়েছিল ১৫ আগষ্টের শুক্রবারের দিনটি। ১৬ আগষ্ট টুঙ্গিপাড়ার সোনার ছেলে হেলিকপ্টারে করে ফিরে এলেন টুঙ্গিপাড়ায়- তবে জীবন্ত নয় লাশ হয়ে। মাত্র ১৫ মিনিটে সামরিক তত্ত্ববধানে পৈতৃক কবরস্থানে মা-বাবার পাশে কবর খুঁড়ে সমাহিত করা হয় হিমালয়সম সাহসী এ মানুষটিকে, অন্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৫ আগষ্ট ফিরে ফিরে সেই শোকার্ত স্মৃতি আবেগাপ্লুত করে। আর সব সময়ই একটা প্রশ্ন মনে জাগে, যে ব্যক্তি নিজের সারাটা জীবন এ জাতির জন্য উৎসর্গ করেছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন দেশের জন্ম দিয়েছেন, নিজে জেল-জুলুম সহ্য করেও স্বাধিকারের প্রশ্নে অনড় থেকেছেন, সেই মহান ব্যক্তিটিকে কয়েকজন বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে ৩ বছর যেতে না যেতেই সেদিন হত্যা করল!  এর চেয়ে বড় দুর্ভাগ্য বোধহয় একটি দেশের জন্য, একটি জাতির জন্য আর কিছুই হতে পারে না।


বাংলাদেশের স্থপতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নাম বাংলার ইতিহাসে ও প্রকৃত বাঙালি প্রতিটি মানুষের অন্তরে সোনার অক্ষরে অক্ষয় হয়ে আছে। বাংলাদেশের হৃদয় গভীর শ্যামল একটি গ্রাম টুঙ্গিপাড়া থেকে উত্থিত হন তিঁনি, তারপর দীর্ঘ সংগ্রামী জীবনের ধারাবাহিকতায় নিজেকে স্থাপন করেন ইতিহাসের পটভূমিতে বাঙালির হাজার বছরের স্বপ্নের অনন্য মুক্তিদাতা রূপে। 

স্থির পদবিক্ষেপে তিনি আমাদের প্রাণিত করেন মুক্তিযুদ্ধে। তাঁরই রণমন্ত্র 'জয় বাংলা' কণ্ঠে ও বাহুতে ধারণ করে বিজয় অর্জিত হয় একাত্তরে। ৩০ লাখ মানুষের বিপুল রক্তের সাগর দিগন্তে উদিত হয় বাংলার স্বাধীনতার লাল সূর্য। কোটি কোটি 'জয় বাংলা' ধ্বনির প্লাবনে ভেসে যায় পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। বিশ্ব অবাক হয়ে চেয়ে রয় বাঙালি ও বঙ্গবন্ধুর দিকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত শৃঙ্খলিত সব মানুষের কাছে হয়ে ওঠেন মুক্তির প্রশংসিত প্রতীক।

৭ মার্চের ভাষণে শেখ মুজিব পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর ২১ বছরের বৈষম্যের ইতিহাস তুলে ধরে প্রশ্ন করেছিলেন- 'কী পেলাম আমরা।' ৪০ বছর পর আজও মনে প্রশ্ন জাগে, বঙ্গবন্ধুকে হত্যা করে কী পেল এই জাতি? 

তিন বছর পার হতে না হতে একদল রাতারাতি আশা করে বসলেন আলাদিনের প্রদীপ, আরেক দল জাতিকে টেনে নিতে চাইলেন উল্টোদিকে পাকিস্তানি আদর্শের গহিন অন্ধকারের পথে। 

এসব হত্যাকান্ড নিয়ে পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই তবে আমরা দেখতে পাই- স্বরণীয়-বরণীয় এবং গণমানুষের নেতাদের এভাবেই মৃত্যু হয়েছে। আমরা যদি একটু বিশ্লেষণ করি তবে দেখবো আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী, প্যাটিস লুলুস্বা, জন এফ কেনেডি, চে গুয়েভারাসহ আরও কয়েক জনের মতো ঘাতকের হাতে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁদের কোন দোষ ছিল না। শুধু একটি দোষ ছিল, তা হলো- তাঁরা সবাই নিজের জীবনের চেয়ে জনগণকে বেশি ভালবাসতেন, জনগণের সুখ-দুঃখ নিজের সুখ-দুঃখ  বলে ভাবতেন।

এক কথায়, জনগণকে নিয়েই তাঁদের চিন্তাচেতনা এবং স্বপ্ন গড়ে ওঠে। যারা শোষিতের পক্ষে নয়, তারা কখনো স্বৈরাচারী মনোভাব ছেড়ে নেতৃত্বের এ সেতুবন্ধ মেনে নেয় না। কাজেই তাদের গুলি বারবার টার্গেট হয়েছে এসব নেতৃত্বের প্রতি। আর এভাবেই নেতাদের যারা খুন করে তারা নিক্ষিপ্ত হয় তমসার ঘোর অন্ধকারে। আর নিহত নেতারা হয়েছেন অবিনশ্বর, চিরস্মরণীয়, চিরবরণীয়, তেমনি অবিনশ্বর, চিরস্মরণীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলা ভাষার উৎপত্তি ইতিহাস, বাঙালি ও বাংলাভাষা

ভাষা গবেষকদের মতে স্থানীয় ভাষার সাথে বহিরাগত আর্যদের ভাষার সংমিশ্রণে প্রাকৃত-অপভ্রংশ রূপ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অনেক পরিবর্তন-পরিবর্ধনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার উৎপত্তির সঠিক কোনো ইতিহাস না থাকলেও 'চর্যাপদ'কে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন বলা হয়। তবে চর্যাপদের ভাষার সাথে বাংলা ভাষার হুবুহু মিল পাওয়া যায় না। এর ভাষা অস্পষ্ট। এ জন্য সাহিত্যিকরা এর নাম দিয়েছে 'আলো-আঁধারি' বা 'সান্ধ্যভাষা'।

চর্যাপদকে 'মৈথিলী', 'হিন্দি', 'উরিয়া' ও 'অহমি' ভাষার আদি ভাষা হিসেবেও দাবি করা হয়। 'হিন্দি' ও মৈথিলী'দের দাবি ধোপে না টিকলেও 'উরিয়া' ও 'অহমি'দের দাবি একেবারে অযৌক্তিক নয়। কারন চর্যাপদের সাথে উরিয়া ও অহমি' ভাষার অনেক মিল আছে। যেমন মিল আছে বাংলা ভাষার সাথে। এজন্য ভাষা গবেষকদের মতে বর্তমান ভিন্নতার আগে বাংলা, উরিয়া ও অহমি ভাষার অভিন্ন রূপ থাকতে পারে। হতে পারে সে অভিন্ন রূপেই চর্যাপদের সৃষ্টি হয়েছে।

চর্যাপদের সময়কাল নিয়েও ভাষা গবেষকদের মধ্যে মতভেদ আছে। কারও মতে খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতক। তবে তারা ঐকমত্য পাল শাসনামলের ক্ষেত্রে। অর্থাৎ চর্যাপদ পাল আমলে রচিত হয়েছে এ বিষয়ে সবাই ঐকমত্য হয়েছেন।

তৎকালীন বৌদ্ধ ধর্মের বিধি-বিধান, সাধারণ মানুষের সুখ-দুঃখে, জীবন-জীবিকা, সামাজিক অবস্থা ইত্যাদি বর্ণিত হয়েছে এসব চর্যাপদে। চর্যাপদের ব্যাকরণ, ছন্দ-অলঙ্কারের কিছু কিছু ব্যতিক্রম দৃষ্টিগোচর হলেও সেগুলোতে বাংলার অাদিরূপই বিধৃত হয়েছে।

অধিকাংশ চর্যাপদ বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে রচিত এবং এগুলো বাংলা ভাষার শৈশবকাল। কিন্তু চর্যাপদের ভাষা স্থায়িত্ব লাভের আগেই ভারতের দক্ষিণ কর্ণাটক থেকে আগত সংস্কৃতভাষী সেন শাসকেরা বাংলা ভাষা চর্চাকে নিষিদ্ধ করেন। আর সংস্কৃত ভাষাকে করেন রাজভাষা। অধিকন্তু 'বৈরব' নামক নরকের ভয় দেখিয়ে বাংলা ভাষাকে সাধারণ মানুষ থেকে দূরে রাখার কৌশল করেন তারা। এ ভয়ে সরকারি কর্মচারী ও উঁচু বর্ণের মানুষেরা বাংলাভাষা চর্চা বাদ দিলেও সাধারণ মানুষেরা তাতে কর্ণপাত করেননি। তারা 'পক্ষির বুলি' তথা বাংলা ভাষাকে ছাড়েননি এবং বিদেশি ভাষা সংস্কৃতকে মন থেকে গ্রহণ করেননি।

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিজলির মাধ্যমে ১২০৩ সনে সেন শাসনের অবসান হলে এ এদেশীয়রা আবার নতুন করে বাংলাভাষা চর্চা করার সুযোগ পান। তুর্কিরা বিদেশী হলেও তারা স্থানীয় বাংলা ভাষাকে অবমূল্যায়ন করেননি। ফার্সিকে রাজভাষা করলেও বাংলা ভাষা চর্চায় উৎসাহ দিয়েগেছেন তারা। তবে রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব-সংঘাত-সংঘর্ষ এবং সাংস্কৃতিক বিবর্তনের কারনে এ সময়ের উল্লেখযোগ্য কোনো সাহিত্য নেই। তখন বাংলাদেশ কিংবা বাংলাভাষা ভিত্তিক কোন অঞ্চল ছিল না।

সুলতানী শাসনামলের প্রথম দিকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল বাংলাভাষী জনগোষ্ঠী। হাজি শামসুদ্দীন ইলিয়াস শাহ ১৩৫২ সনে বঙ্গ, রাঢ়, গৌড়, পুন্ড্রবর্ধন, লক্ষ্মণাতী, হরিকেল, সমতট ইত্যাদি বাংলাভাষী অঞ্চলকে একত্রিত করে 'সবহি বাঙ্গালা' নাম দেন। আর এর অধিবাসীদের নাম দেন 'বাঙালি'।

এতে বাংলাভাষী জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায় এবং বাংলা ভাষার পুর্ণজন্ম হয়।

এ সময় বড়ু চণ্ডীদাস 'শ্রী কৃষ্ণকীর্তন' (১৩৫০) কাব্য রচনা করে বাংলা ভাষা ও সাহিত্যের বন্ধ্যাত্ব ঘুচান।

শাহ মুহাম্মদ সগীর 'ইউসুফ জুলেখা' (১৩৮৯-১৪১০) রচনা করে বাংলা ভাষা ও সাহিত্যে রোমান্টিকতার আবির্ভাব ঘটান।

পরবর্তীতে গিয়াসউদ্দীন আযম শাহ, জালালুদ্দীন মুহাম্মদ শাহ, রুকনুদ্দীন বারবাক শাহ, আলাউদ্দীন হুসেন শাহ প্রমুখ মুসলিম নৃপতিদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় মালাধর বসু, জৈনুদ্দীন, বিজয় গুপ্ত, কৃত্তিবাস, মুজাম্মিল, বিপ্রদাস পিপিলাই প্রমুখ কবি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেন।

মূলত পাঠান বংশের স্বাধীন সুলতানদের শাসনামলে (১৩৩৮-১৫৭৫) বাংলা ভাষার পুন্জাগরণ হয়। এরপর মোঘল আমলে সৈয়দ সুলতান, মুকুন্দরাম চক্রবর্তী, আব্দুল হাকিম, দৌলত উজীর বাহারাম খান, কোরেশী মাগন ঠাকুর, সৈয়দ অালাওল, ভারতচন্দ্র রায়গুণাকর প্রমুখের সাহিত্য সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রভুত্ব উন্নতি লক্ষ করা যায়।

কিন্তু ১৭৫৭ সনে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার শাসকের পরিবর্তনের সাথে ভাষা-সংস্কৃতিরও পরিবর্তন হয়।

এতে মুসলিম শাসনামলের বাংলাভাষার পুনর্জাগরণ স্তিমিত হয়ে পড়ে এবং নিম্ন মানের মিশ্রভাষার 'পুঁথি সাহিত্য' ও 'কবিয়াল গান'এর আবির্ভাব ঘটে। এসময় ফার্সির পরিবর্তে ইংরেজিকে করা হয় রাজভাষা।

উল্লেখ্য মুসলিম শাসনামলে বাংলাভাষায় আরবি, ফার্সি, উর্দু, পর্তুগিজ, হিন্দিসহ অনেক বিদেশি শব্দের সমাবেশ ঘটে।

আর ইংরেজ শাসনামলে বাংলা ভাষায় যোগ হয় ইংরেজি, সংস্কৃত, ফরাসি, স্পেনিশসহ বিভিন্ন ভাষার অনেক শব্দ। এতে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, সৌন্দর্য্য ও বৈচিত্র্য বেড়ে যায়।

ইংরেজ শাসনামলের প্রথম দিকে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাঘাত ঘটলেও পরে উন্নতি মাধিত হয়। ইংরেজ শাসনামলেই আধুনিক বাংলা সাহিত্যের উদ্ভব হয়।

মধ্যযুগের বাংলা সাহিত্যে শুধু কাব্য সাহিত্য পাওয়া যায়, এ সময় বাংলা ভাষার কোন গদ্য সাহিত্য রচিত হয়নি।

অন্যদিকে ইংরেজ শাসনামলে বাংলা ভাষায় গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি গদ্য সাহিত্যের সূচনা হয়। এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, জীবনান্দ দাশ, জসীম উদ্দীন, ফররুখ আহমদ প্রমুখ কবি-সাহিত্যিকেরা বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেন।

১৯১৩ সনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল বিজয় বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের মর্যাদা অনেকগুণ বাড়িয়ে দেয়।

তবে মুসলিম ও ইংরেজ শাসনামলে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ও ব্যাপ্তি বাড়লেও কখনও রাষ্ট্রভাষার মর্যাদা পায়নি।

অথচ ভাষা রাষ্ট্রীয় মর্যাদা না পেলে জাতীয়ভাবে ভাষার উন্নতি ও মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় না।

তাই ১৯৪৭ সনে ইংরেজ শাসন অবসানের পর বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান)  অধিবাসীর বাংলা ভাষা নিয়ে নতুন করে স্বপ্ন দেখলেন। দেশ বিভাগের পর বাংলাভাষা জাতীয়করণ দাবির সমর্থনে জনমত সংঘটিত হতে শুরু করে।

১৯৪৭ সালের ৩ জুন ব্রিটিশ বড়লাট ভারতবিভাগ এবং পূর্ব ও পশ্চিম অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে এক পাকিস্তানের পরিকল্পনায় পূর্ববাংলা মুসলিম ছাত্র সমাজের মধ্যে এক ধরণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে অবস্থায় তা রোধ করার কোন উপায় ছিল না, কেননা তখন ধর্মপ্রাণ সাধারণ বাঙালি মুসলমানরা ছিল পাকিস্তানের স্বপ্নে বিভোর।

দেশ বিভাগের পূর্বে ছাত্রদের একমাত্র প্রতিষ্ঠান ছিল -'নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ'।

১৯৪৭ সালের আগষ্টে এই ছাত্র প্রতিষ্ঠানের নেতা শেখ মুজিবুর রহমান প্রমুখ কলকাতা থেকে ঢাকায় আসেন এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র ২১ দিনের মধ্যে ১৯৪৭ সালের ৬ ও ৭ সেপ্টেম্বর কামরুদ্দিন আহাম্মদ, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, শামসুদ্দিন আহাম্মদ, মোহাম্মদ তোয়াহা, নুরুদ্দিন আহাম্মদ, আব্দুল অদুদ প্রমুখের প্রচেষ্টায় পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা হয়।

এর কারন ছিল বাঙালির ভাষা, কৃষ্টির প্রতি সম্ভাব্য হামলার প্রতিরোধ এবং জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করা। এরা অনুমান করেছিলেন মুসলমানদের জন্য দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠার বদলে এক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাঙালির ভাষা, সংস্কৃতির উপর আঘাত আসবে এবং ব্রিটিশ উপনিবেশবাদের বদলে পাকিস্তানের উপনিবেশে পরিণত হবে।
হয়েছিলও তাইই। পাকিস্তানিরা শুরু থেকেই 'বাংলা ভাষা ও সাহিত্যের হাজার বছরের ঐতিহ্যকে নানা ভাবে মুছে ফেলার চেষ্টা করে। সংস্কৃতির একমাত্র নিয়ামক শক্তি হিসেবে সামনে তুলে ধরে ধর্মকে।

পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিয়াউদ্দিন আহমেদ অভিমত ব্যক্ত করেন, "হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়ার পর যুক্তি সংজ্ঞত করনে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিৎ"।

ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বক্তব্য খণ্ডন করে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য '৪৭ এর ২৯ জুলাই দৈনিক আজাদে 'পাকিস্তান রাষ্ট্রভাষা সমস্যা' -শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন। ক্ষুরধার যুক্তি দিয়ে তিঁনি বলেন, "যদি বিদেশী ভাষা বলিয়া ইংরেজী ভাষা পরিত্যক্ত হয়, তবে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ না করার পক্ষে কোন যুক্তি নাই। (কারন উর্দু পাকিস্তানের ডোমিনিয়নের কোন অঞ্চলের ভাষা নয়। এই অর্থে উর্দুও বিদেশী ভাষা) যদি বাংলা ভাষার অতিরিক্ত কোন রাষ্ট্রভাষা গ্রহণ করিতে হয় তবে উর্দু ভাষার দাবি বিবেচনা করা কর্তব্য"।

বাঙালির ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেয়ার সকল আয়োজন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ মুজিব একট্টা হয়ে জীবনমরন লড়াইয়ে নেমেছিলেন। তিঁনি জাতিকে দৃষ্টি ফেরাতে বলেন প্রিয় বাংলা ভাষা ও বাঙালি ঐতিহ্যের বৈশিষ্ট্যের দিকে। বাঙালি তার বৈশিষ্ট্যগুলো চিনেনিতে শুরু করে। পাকিস্তানি আর বাঙালিতে দ্বন্দ্ব ক্রমশ তীব্রতর হতে থাকে।

কায়মনে বাঙালি হবার জন্য শেখ মুজিব তাঁর জীবন সাধনা ও সংগ্রাম শুরু করেন সেই ১৯৪৮ সালেই।

উল্লেখ্য যে, কলকাতায় ছাত্রদের দুটি গ্রুপ ছিল। একটি শেখ মুজিব, অপরটি শাহ আজিজের নেতৃত্বে। ঢাকায় এসে শাহ আজিজ গ্রুপ সরকার সমর্থক হয়ে যায়।
কিন্তু শেখ মুজিবের অংশ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ফজলুল হক হল মিলনায়তনে এক সভায় 'নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ' নাম পরিবর্তন করে 'পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ' নামে পুনর্গঠিত হয়। এ প্রসঙ্গে অলি আহাদ 'জাতীয় রাজনীতি ১৯৪৫- ৭৫'- এ লিখেছেন 'ওই সভায় শেখ মুজিব উপস্থিত না থাকলেও তাঁকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। শেখ মুজিব তা শুধু মেনেই নেন নি, বরং সংগঠনকে দৃঢ় ও মজবুত করার প্রয়াসে সর্বশক্তি নিয়োগ করেন।"

ভাষা আন্দোলনের সময় যখন একদল বাঙালি 'অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই' শ্লোগান তুলে - কিন্তু শেখ মুজিবসহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা শ্লোগান দিলেন 'রাষ্ট্রভাষা বাংলা চাই'।

২৮ ফেব্রুয়ারি ১৯৪৮ তমদ্দুন মজলিস ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের সভায় ভাষার দাবিতে ১১ মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আহ্বানে সম্মিলিত এক বিবৃতিতে সই করেন শেখ মুজিব, নইমুদ্দিন আহম্মদ, আব্দুর রহমান চৌধুরী। ওইদিন পিকেটিং করেন শামসুল হক, শেখ মুজিব, অলি আহাদ প্রমুখ এবং সে সময় তারা বন্দী হন। প্রতিবাদ মিছিল বের হয় বেলা দুটোর দিকে।

১৯৪৯ সালের ৮ জানুয়ারি সমগ্র পূর্ব বঙ্গের জুলুম প্রতিরোধ হিসেবে পালিত হয় ধর্মঘটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় ময়দান সভায় নইমুদ্দিন আহম্মদ সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন শেখ মুজিব, আ. রহমান চৌধুরী, প্রমুখ।
পরে ভাষা আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে আসে।
তবে ১৯৪৯ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘটকে সমর্থন করায় শেখ মুজিবসহ ২৭ শিক্ষার্থীর ওপর বহিস্কারাদেশ সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। শেখ মুজিব তখন আইনে ছাত্র। তাঁর শাস্তি হয় মুচলেকা এবং ১৫ টাকা জরিমানা না হয় চুড়ান্ত বহিস্কার।
শেখ মুজিব মুচলেকা দেন নি, তাই বহিস্কার এবং ছাত্র জীবন শেষ।

এসময়ের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ছিল-
১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম। ১৯৪৯ সালের ১৫ অক্টোবর খাদ্যের দাবিতে ভূখা মিছিলে নেতৃত্বদানের সময় শেখ মুজিব বন্দি হন এবং মুক্তি পান ২৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে। (১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ইত্তেফাকে- 'কারাগারে আটক শেখ মুজিবুর রহমান' সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে)

মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩১ জানুয়ারি ১৯৫২ সালে ঢাকা জেলা বার লাইব্রেরী হলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদের সভায় অবিলম্বে নিরাপত্তা বন্দি শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য বন্দীদের মুক্তি ও নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবি জানানো হয়।

১০ ফেব্রুয়ারি ১৯৫২ সালে নারায়ণগঞ্জ রহমতুল্লাহ ক্লাবে কেন্দ্রীয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সভায়ও শেখ মুজিবের মুক্তির দাবি জানিয়ে প্রস্তাব গ্রহীত হয়।

১৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শেখ মুজিব ও মহীউদ্দিন আহম্মদ রাষ্ট্রভাষার দাবিতে আমরণ অনশন শুরু করেন। তখন অসুস্থতার কারনে তাঁদেরকে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

১৭ ফেব্রুয়ারি ১৯৫২ ইত্তেফাকে এক প্রতিবেদনে বলা হয়, 'পাকিস্তান সংগ্রামের জঙ্গি, ছাত্র-যুব আন্দোলনের অগ্রনায়ক ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমানের বিনা বিচারে কারাবাস ও বন্দী দিনগুলোর নিষ্ঠুর নিষ্পেষণে জীর্ণ স্বাস্থ্যের জন্য উৎকণ্ঠা ও ঐক্যবদ্ধ আওয়াজ তুলিয়া প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রদেশের সকল কর্মী বিশেষ করিয়া শেখ মুজিব ও মহীউদ্দিনের আশুমুক্তির জন্য আবেদন পত্র পেশ করিয়াছেন। আবেদনপত্রে মাওলান ভাসানী, বিশিষ্ট ছাত্রনেতা সহ বুদ্ধিজীবী সাংবাদিকরা সই করেন'।


বাঙালিরা পাকিস্তান শোষকগোষ্ঠীর জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে আন্দোলন করেন তারা দাবি আদায়ের লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় ১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারি তারিখে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, জব্বার, শফিক, রফিক, শফিউদ্দীনসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৫৬ সনে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। এই প্রথম বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯৯৯ সনে জননেত্রী শেখ হাসিনা ও  আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় ইউনেস্কোর মাধ্যমে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারি তারিখকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বর্তমানে বিশ্বে প্রায় দুই শতাধিক রাষ্ট্র এ দিবসটি পালন করে। ভাষার রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের জন্য আত্মত্যাগ করে বিশ্ববরণীয় হয়ে আছেন বাঙালির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদেরা।


প্রাণপ্রিয় বাংলা ভাষাকে রাষ্ট্রীয়করণ ও স্বীকৃত করতে যাঁরা আন্দোলন করেছেন শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধায় - শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার সংগ্রহের ইতি টানছি। 


সংগ্রহঃ- দৈনিক ইত্তেফাক। ড. এম এ সবুর-(কবি, প্রাবন্ধিক ও গবেষক)

দৈনিক জনকণ্ঠ। বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদপত্র, প্রবন্ধ।