সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এ জাতির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সংবাদকর্মীদের ছিল বন্ধুর মতো সম্পর্ক। তিনি সংবাদ মাধ্যমকে অত্যন্ত গুরুত্ব দিতেন। সাধারণ রাজনৈতিক কর্মী থেকে মুক্তিযুদ্ধের মহানায়ক আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি হওয়ার প্রতিটি ধাপে সংবাদকর্মীরা তাঁর সঙ্গে থেকেছেন বন্ধু হয়ে। পৃথিবীখ্যাত সাংবাদিক মার্কটালি, রবার্ট ফ্রস্ট, সায়মন ড্রিং থেকে শুরু করে বাংলাদেশের আবদুল গফফার চৌধুরী, এবিএম মূসা, কেজি মুস্তফা, আতাউস সামাদের লেখনী আর স্মৃতি চারণে সেই সম্পর্কের আঁচ পাওয়া যায়।
বঙ্গবন্ধু শুরু থেকেই মিডিয়াকে কতটা গুরুত্ব দিতেন তার প্রমাণ পাওয়া যাবে তাঁর লেখা সদ্য প্রকাশ হওয়া 'অসমাপ্ত আত্মজীবনী'তে। তিনি লিখেছেন-
"দৈনিক আজাদই ছিল একমাত্র বাংলা খবরের কাগজ, যা মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনকে সমর্থন করতো। এই কাগজের প্রতিষ্ঠাতা ও মালিক মওলানা আকরম খাঁ সাহেব ছিলেন বাংলা প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি। তিনি আবুল হাশিম সাহেবকে দেখতে পারতেন না। আবুল হাশিম সাহেবকে শহীদ সাহেব সমর্থন করতেন তাই মওলানা তাঁর উপর ক্ষেপে গিয়েছিলেন। আমাদেরও ঐ একই দশা। তাই আমাদের কোন সংবাদ সহজে ছাপা হতো না। মাঝে মাঝে জনাব মোহাম্মদ মোদাব্বের সাহেবের মারফতে কিছু সংবাদ উঠত। পরে সিরাজুদ্দিন হোসেন (বর্তমানে দৈনিক ইত্তেফাক-এর বার্তা সম্পাদক) এবং আরও দু'একজন বন্ধু আজাদ অফিসে চাকরি করতো। তারা ফাঁকে ফাঁকে দু'একটা সংবাদ ছাপাত। দৈনিক মর্নিং নিউজের কথা বাদই দিলাম। ঐ পত্রিকা যদিও পাকিস্তান আন্দোলনকে পুরোপুরি সমর্থন করতো, তবুও ওটা একটা গোষ্ঠীর সম্পত্তি ছিল, যাদের শোষক শ্রেণী বলা যায়। আমাদের সংবাদ দিতেই চাইতো না। ঐ পত্রিকা হাশিম সাহেবকে মোটেই পছন্দ করতো না। ছাত্রলীগ কর্মীরা হাশিম সাহেবকে সমর্থন করতো, তাই বাধ্য হয়ে মাঝে মাঝে সংবাদ দিত। আমরা বুঝতে পারলাম, অন্ততপক্ষে একটা সাপ্তাহিক খবরের কাগজ হলেও আমাদের বের করতে হবে, বিশেষ করে কর্মীদের মধ্যে নতুন ভাবধারা প্রচার করার জন্যে। হাশিম সাহেবের পক্ষে কাগজ বের করা কষ্টকর। কারন টাকা পয়সার অভাব। শহীদ সাহেব হাইকোর্টে ওকালতি করতে শুরু করেছেন। তিনি যথেষ্ট উপার্জন করতেন, ভাল ব্যারিস্টার হিসেবে কলকাতায় নামও ছিল। কলকাতায় গরীবরাও যেমন শহীদ সাহেবকে ভালোবাসতেন, মুসলমান ধনীক শ্রেণীকেও শহীদ সাহেব যা বলতেন, শুনত। টাকা পয়সার দরকার হলে কোন অসুবিধা হতে দেখি নাই। হাশিম সাহেব শহীদ সাহেবের কাছে প্রস্তাব করলেন কাগজটা প্রকাশ করতে এবং বললেন যে, একবার যে খরচ লাগে তা পেলে পরে আর জোগাড় অসুবিধা হবে না। নূরুদ্দিন ও আমি এই দুজনই শহীদ সাহেবকে রাজি করাতে পারবো, এই ধারণা অনেকেরই ছিল।
আমরা দুইজন একদিন সময় ঠিক করে তাঁর সাথে দেখা করতে যাই এবং বুঝিয়ে বলি, বেশি টাকা লাগবে না, কারন সাপ্তাহিক কাগজ। আমাদের মধ্যে ভাল ভাল লেখার হাত আছে, যারা সামান্য হাত খরচ পেলেই কাজ করবে। অনেককে কিছু না দিলেও চলবে। আরও দ'একবার দেখা করার পর শহীদ সাহেব রাজি হলেন।
মুসলিম লীগ অফিসের নিচের তলায় অনেক খালি ঘর ছিল। তাই জায়গার অসুবিধা হবে না। হাশিম সাহেব নিজেই সম্পাদক হলেন এবং কাগজ বের হল। আমরা অনেক কর্মীই রাস্তায় হকারী করে কাগজ বিক্রি করতে শুরু করলাম। কাজী মোহাম্মদ ইদ্রিস সাহেবই কাগজের লেখা পড়ার ভার নিলেন। সাংবাদিক হিসেবে তার অনেক নাম ছিল। ব্যবহারও অমায়িক ছিল। সমস্ত বাংলাদেশেই আমাদের প্রতিনিধি ছিল। তারা কাগজ চালাতে শুরু করল। বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে কাগজটা খুব জনপ্রিয়তা অর্জন করতে লাগল। হিন্দুদের মধ্যেও অনেকে কাগজটা পরতেন। এর নাম ছিল 'মিল্লাত'।"
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী'তে মিল্লাতের জন্মকথা বর্ণিত হয়েছে এভাবে। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে বইটি প্রকাশ হয়েছে। ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় জীবনী লেখা শুরু করেন বঙ্গবন্ধু। কিন্তু শেষ করতে পারেননি। এই বই বাঙালির এক প্রামাণ্য দলিল।
একজন সাধারণ মানুষ কী করে পুরো একটি জাতির অবিসংবাদিত নেতা হয়ে উঠেন তার বিবরণ পাওয়া যায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই'তে। মানুষের সংগ্রাম, আন্দোলনের জন্যে যে জনসমর্থন প্রয়োজন সেই তরুণ বয়সেই বুঝেছিলেন বঙ্গবন্ধু। তাইতো একটি পত্রিকা প্রকাশের গুরুত্ব অনুধাবণ করেন তিনি। বইয়ের ৪০ পৃষ্ঠায় তাদের উদ্দ্যোগে প্রকাশিত 'মিল্লাত' এর কথা রয়েছে।
বঙ্গবন্ধুর সঙ্গে দেশি-বিদেশী সংবাদকর্মীদের সব সময় ভাল সম্পর্ক ছিল। সাংবাদিকদের তিনি বন্ধু মনে করতেন। প্রয়াত কেজি মুস্তফা, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের সাংবাদিক আলী যাকের, কামাল লোহানীর সঙ্গে আমার কথা হয়েছে কয়েক দফায়। তারা বলেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকদের ভীষণ বোঝাপড়া ছিল। অনেক সময় অনেক কথা বলতে পারতেন না। সাংবাদিকরা বঙ্গবন্ধুর চোখের ইশারা, আঙুলের ইঙ্গিতে অনেক কিছু বুঝে যেতেন। আর ধানমন্ডির সেই ঐতিহাসিক বাড়ি ছিল সংবাদকর্মীদের জন্য অবারিত। আর বঙ্গবন্ধুর সংগ্রাম, তার নিষ্ঠাকে সব সময় আলাদা মর্যাদা দিয়েছে দেশি-বিদেশি গণমাধ্যম। তাইতো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি বাংলা বিভাগ) আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেকে নাম দিয়েছিলেন বাংলাদেশে ব্রডকাস্টিং কর্পোরেশন।
সেই বিবিসি ২০০৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামে একটি জরিপ চালায়। এই জরিপে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দুই কোটি ৫০ লাখ শ্রোতা অংশ নেয়। তাতে ২০ জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির নাম প্রকাশ হয়। বাংলা ১৪১১সালের পহেলা বৈশাখ সকাল সাড়ে ৬টার অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
সেদিন বিবিসির প্রতিবেদনে বলা হয় 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগ পর্যন্ত সংগ্রামী মানুষের নির্দেশনার স্থল ছিল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। এই বাড়ি থেকেই পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং ওই বাড়িতেই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেনাবাহিনীর একদল সদস্যের হাতে তিনি নিহত হন।
স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতিতে সক্রিয়। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে তিনি হয়ে ওঠেন বাঙালিদের অবিসংবাদিত নেতা। ২০০৪ সালের সেদিন যেদিন বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে ঘোষাণা করে বিবিসির বাংলা বিভাগ, খ্যাতিমান সাংবাদিক আতাউস সামাদ বিবিসিকে বলেন, 'শেখ সাহেব সাহস করে পশ্চিম পাকিস্তানের লাহোরে এক সম্মেলনে গিয়ে ৬-দফা ঘোষাণা করেন। যার ফলে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলায় এক নম্বর আসামী করা হয়। তখন তাঁকে ছাড়াবার জন্যে আন্দোলন শুরু হল, যা ছত্রদের ১১-দফায় রূপ নেয়। সেখান থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।'
সত্তরের নির্বাচনে শেখ মুজিব তাঁর নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের স্বাধীনতা বিষয়টিকে মূল বক্তব্য হিসেবে তুলে ধরেছিলেন। এ নিয়ে আতাউস সামাদের মূল্যায়ন- 'তাঁর অনেক গুলো নির্বাচনী মিটিংয়ে আমি গিয়েছি এবং দেখেছি। তিনি যে ৬-দফার কথা বলতেন, তখন তিনি একটা আঙুল তুলে বলতেন- আমার দাবি এই, অর্থাৎ দেশ স্বাধীন করতে হবে।' আতাউস সামাদ আরও বলেন, '১৯৭১ সালের ৭ মার্চে তিনি রেসকোর্স ময়দানে এমন একটি বক্তৃতা দিলেন যে সবার মন ছুঁয়ে গেল। তখন তাঁরই নামে স্বাধীনতা যুদ্ধ চলেছে।'
খবর এবং খবরের মানুষকে সব সময়ই গুরুত্ব দিতেন বঙ্গবন্ধু। তার কিছু নমুনা পাওয়া যায় তার ৭ মার্চের ভাষণে। ঐতিহাসিক সেই ভাষণের শেষের দিকে তিনি বলেছেন, 'মনে রাখবেন কর্মচারীরা, রেডিও যদি আমাদের কথা না শুনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, তাহলে টেলিভিশনে যাবেন না।
তিনি আবার বলেছেন, টেলিফোন, টেলিগ্রাম আমাদের বাংলায় চলবে এবং বাংলাদেশের নিউজ বাইরে পাঠানো চলবে।
এই ছিলেন বঙ্গবন্ধু। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমকে রোধার পক্ষে ছিলেন না তিনি। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ছিল তাঁর অগাধ আস্থা। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের জীবনে তাঁর সঙ্গে যারা ছিলেন তাদের অভিজ্ঞতা সেই প্রমাণই দেয়।
[সংগ্রহ: মত ও পথ। লেখক- ফজলুর রহমান। ]