আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বাঙালির কথা বলতে এসেছি যার হৃদয়ে ছিল মানুষের জন্য প্রচণ্ড ভালবাসা।
আমি একজন সাহসী নাবিকের কথা বলতে এসেছি যিনি ঊর্মিমুখর সমুদ্রের উত্তাল তরঙ্গ গ্রীষ্মের খরতাপ, শ্রাবণের তীব্র বর্ষণ আর শীতের কুয়াশা ভেদ করে তরীটিকে তীরে ভিড়িয়েছিলেন।
-মাহবুব-উল-আলম চৌধুরী
আমরা পরম শ্রদ্ধা ও গভীর আবেগে এক নিশ্বাসে উচ্চারণ করি- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর চেয়ে অন্য কোন বিশেষণে তাঁকে বিভূষিত করা সম্ভব নয়। বাঙালি জাতির অশেষ ভালবাসার সিংহবাহনে বঙ্গবন্ধুর আরোহণ অনায়াসসাধ্য হয়নি, অবলীলায় হয়নি। তিনি ঝড়ঝঞ্বায় উম্মাতাল সমুদ্রের গুরুগর্জন উপেক্ষা করে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে আমাদের স্বপ্নের সোনার তরীকে তীরে নোঙর করেন বিজয়ী বীরের গৌরবে।
বঙ্গবন্ধু আমাদের জন্য শুধু একখণ্ড আলাদা আবাসভূমির স্বপ্নই দেখেননি। বিশ্বের মানচিত্রে শুধু একটি স্বতন্ত্র ভূখণ্ডের সীমারেখা তৈরির জন্যই মরণপণ সংগ্রামে লিপ্ত হননি। শুরুতেই বঙ্গবন্ধু ভৌগলিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষও নির্দিষ্ট করেছিলেন। তিনি এমন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্র সম্পদে-সম্মানে বিশ্বসভায় গৌরবের আসনে একদিন সমাসীন হবে। সেই স্বপ্ন সাধ অপূর্ণ থাকতেই হিংস্র হায়েনারা তাঁর প্রাণ সংহার করে। নৃশংস নির্মমতায় হত্যা করে পরিবারের অধিকাংশ সদস্যকে। সেই ভয়ঙ্কর রাতের দৃশ্যপট কী রকম ছিল-? কবির ভাষায়:- 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ।' সেই ভয়ঙ্কর কালো রাতের অন্ধকার শুধু ৩২ নম্বরেই নয়; ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা, সমগ্র বাংলাদেশ।
১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে একজন মহাকবির কণ্ঠে উচ্চারিত হলো পৃথিবীর সংক্ষিপ্ততম মহাকাব্যের প্রেরণাদায়ক চরণ- 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' বঙ্গবন্ধুর একটিমাত্র ডাকে শত্রুর বিরুদ্ধে অসীম সাহসিকতায় ঝাঁপিয়ে পড়লো বীর বাঙালি। পরবর্তী ৯ মাস যুদ্ধ এবং যুদ্ধজয়ের ইতিহাস। মহানায়ক বঙ্গবন্ধু।
১৯৭২ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রা। রাষ্ট্র পরিচালনার মাত্র সাড়ে তিন বছরে নতুন দেশের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শাসন কাঠামো, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সর্বক্ষেত্রেই বঙ্গবন্ধু শুধু তার দুরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞারই পরিচয় দেননি, স্থাপন করেন নতুন দেশের দার্শনিক ভিত্তি। তারই আলোকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে আধুনিক বাংলাদেশ নির্মাণের বিশাল কর্মযজ্ঞ।
কী ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ? ব্যক্তিগত নোট খাতায় ১৯৭৩ সালের ৩০ মে তিনি লিখেন- "একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।"
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মধ্যে ছিল- সাধারণ মানুষের আর্থ-সামাজিক মুক্তি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা; সব ধরনের বৈষম্য ও বিচারহীনতার অবসান; গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতা; বিশ্বসভায় বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা; বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উৎকর্ষ সাধন; আন্তর্জাতিকভাবে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় ; সুদূরপ্রসারী ও টেকসই উন্নয়ন; সবার উপরে দারিদ্রমুক্ত বাংলাদেশ।
৭৫ এর ১৫ আগষ্ট অন্ধকার থেকে বেরিয়ে অাসা হায়েনারা প্রগতিশীল আদর্শ ছিন্নভিন্ন করে সাময়িক কালের জন্য বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তির চারণভূমিতে পরিণত করে। অসততা, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা সমগ্র দেশে ডালপালা বিস্তার করে। দীর্ঘ ২১ বছর শেষে শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর শুরু হলো বঙ্গবন্ধুর আদর্শের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। প্রায় দু'দশকের সামরিক শাসন ও প্রতিক্রিয়াশীল স্বৈরশাসনকালে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির পাশাপাশি বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করার সুগভীর ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়। তরুণ প্রজন্মের মননে এখন জাতিরপিতার উজ্জল উপস্থিতি।
আর্থ-সামাজিক মুক্তি ;
কেবল দেশ শত্রুমুক্ত করা নয়, বঙ্গবন্ধু যেভাবে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন তাও বিস্ময়কর। পাকিস্তানের ফাঁসির মঞ্চ থেকে বঙ্গবন্ধু ফিরে এসে দেখেন তাঁর সোনার বাংলা বিধ্বস্ত-ছিন্নভিন্ন এক দুঃখিনী বাংলা। তার অর্ধেক সম্পদ ধ্বংসপ্রাপ্ত, ব্যবসা-বাণিজ্য সব লণ্ডভণ্ড, বৈদেশিক বাণিজ্যের সব সূত্র ছিন্নপ্রায়। বিধ্বস্ত বাগানে পুষ্পসম্ভার সাজানোর কঠিন দায়ীত্ব হাতে নিলেন বঙ্গবন্ধু। দূরদর্শী বঙ্গবন্ধু শুরুতেই অনেক জরুরী সিদ্ধান্ত নেন।
প্রথম এক বছরেই প্রায় দেড়শ আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ দালাল অধ্যাদেশ। সরকার গঠনের তিন দিনের মধ্যে দেশে মদ, জুয়া ও ঘোড়দৌড় নিষিদ্ধ ঘোষণা করেন বঙ্গবন্ধু। ছোট ছোট প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্সুরেন্স জাতীয়করণ করেন। কৃষি এবং ব্যবসা-বাণিজ্যে যেখানে দেশের বৃহত্তর জনগোষ্ঠী নিয়োজিত ছিল, সেগুলো ব্যক্তিমালিকানা খাতেই রাখেন বঙ্গবন্ধু। তাঁর অর্থনৈতিক নীতিমালায় সর্বোচ্চ অগ্রাধিকার ছিল কৃষি ও গ্রামীণ উন্নয়ন। তিনি ১৯৭৩ সালের মার্চ মাসেই কৃষি ও পানি উন্নয়নের এক বিরাট কার্যক্রম জাতির সামনে তুলে ধরেন। ১৯৭২ সালের ২৬ মার্চ জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণেই তিনি জানিয়ে দেন, এ দেশে ৬১টি মহকুমা জেলায় উন্নীত হবে এবং প্রতিটি জেলায় নির্বাচিত সরকার গঠন করা হবে। বঙ্গবন্ধুর বিশ্বাসের মর্মমূলে দেদীপ্যমান ছিল সব ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের ক্ষমতায়নই ছিল তার লক্ষ্য। নব্বই দশকে এসে আমরা যে বঙ্গবন্ধু সেতু নির্মাণ করেছি, তার কথা বঙ্গবন্ধু আরও দুই দশক আগেই ভাবেন।
প্রাজ্ঞ পররাষ্ট্রনীতি ;
পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পথে লন্ডনে বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশ হবে 'প্রাচ্যের সুইজারল্যান্ড'। 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়'- বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেই আলোকেই রচিত হয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথম সংবাদ সম্মেলনে দেশের পররাষ্ট্রনীতির রূপরেখা ঘোষণা করেন। তিনি বলেন, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক চাই, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে ঠিকই, তবে এখন বৈরিতার কোন সুযোগ নেই। যেসব দেশ বাংলাদেশকে তখনও স্বীকৃতি দেয়নি, সেই চীন ও মিসরের দিকে বাণিজ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বঙ্গবন্ধু। তিনি সৌদি আরবের সঙ্গে হজযাত্রী প্রেরণের চুক্তি করেন। তিন মাসের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে স্বদেশ ফেরত পাঠাতে সক্ষম হন।
এখন ভাবতেও অবাক লাগে যে, বঙ্গবন্ধু ১৯৭৪ সালেই বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করার কথা ভাবেন। যখন জাতিসংঘও সমুদ্রসীমার বিরোধ নিয়ে ভাবেনি, তখন তিনি মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চুড়ান্ত করার উদ্যোগ নেন। ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুড়ান্ত করা এবং দুই দেশের ছিটমহল বিনিময়ে ইন্দিরা-মুজিব চুক্তি স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিতার পররাষ্ট্রনীতির মূলধারা অনুসরণ করে কূটনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
যুদ্ধাপরাধের বিচার ;
২০০৯ সালে দ্বিতীয় দফায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার সরকার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করে। তবে যুদ্ধাপরাধের বিচারের সূত্রপাত করেন বঙ্গবন্ধু। যুদ্ধাপরাধী ও দালালদের কেবল কারাগারে নিক্ষেপ নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করেন তিনি। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলে বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন- 'বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।' এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চাপ উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অনেক শীর্ষ যুদ্ধাপরাধীর সাজাও কার্যকর হয়েছে।
শিক্ষা ও সংস্কৃতি ;
গত কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তারও দার্শনিক ভিত্তি বঙ্গবন্ধুর রচিত। বঙ্গবন্ধু প্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন। তিনি জানতেন ভিত শক্ত না হলে কাঠামোও শক্ত হবেনা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। শেখ হাসিনার শাসনামলে আবার দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে কর্মরত এক লাখের বেশি শিক্ষকের চাকুরী জাতীয়করণ করা হয়েছে। প্রায় ৪৫ হাজার নতুন শিক্ষকদের পদ তৈরি করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান করেছেন। আওয়ামী লীগ সরকার মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেশের সাড়ে তিন কোটি শিক্ষার্থীর সকলের মধ্যে বছরের প্রথম দিনই প্রায় ২০ কোটি পাঠ্যপুস্তক সম্পুূর্ণ বিনামূল্যে বিতরণ করেছেনন। এমনকি 'আগুন সন্ত্রাসের' ভয়াবহতার মধ্যেও এ কার্যক্রম ব্যাহত হয়নি। বঙ্গবন্ধু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য ইসলামিক ফাউণ্ডেশনও প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু এই সত্য প্রতিষ্ঠা করেন- ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়। তাঁর চরিত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসু, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী- সকলের গুণাবলি লক্ষ্য করি আমরা।
কৃষি ;
আমরা এখন গর্বভরে বলি- আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অসম্ভবকে সম্ভব করেন আমাদের কৃষক। মাথার ঘাম পায়ে ফেলে তাদের উৎপাদিত ফসলে আমাদের গোলভর্তি। কৃষক এখন স্বাচ্ছন্দ্যের জীবনের সন্ধান পেয়েছেন। গ্রামবাংলার প্রাণ কৃষকের সুখের ছোঁয়া ছড়িয়ে পড়েছে 'ছায়া সুনিবিড় শান্তির নীড়' ছোট ছোট গ্রামগুলোতে। বদলে গেছে গ্রামের চিত্র। কৃষকের ৩০ হাজার কোটি টাকার কৃষিঋণ দেওয়্ হয়েছে। ১ কোটি ৪৪ লাখ কৃষি উপকরণ সহায়তা কার্ড বন্টন করা হয়েছে তাদের মধ্যে। ভরতুকিতে সার পাচ্ছেন তারা। এই যে সবুজ বিপ্লব, এর পেছনে রয়েছে দুরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর প্রেরণা। বঙ্গবন্ধু পঞ্চাশের দশকের মাঝামাঝি পাকিস্তান গণপরিষদে কৃষকদের পক্ষে জোরালো ভূমিকা গ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে বঙ্গবন্ধু আবেগমথিত কণ্ঠে বলেন:- "আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তা হলে আমি শান্তিতে মরতে পারবো না।" বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যাত্রার শুরুতেই দুস্থ কৃষকদের জীবনমান উন্নয়নে, তাদের ঋণমুক্ত করতে জরুরি পদক্ষেপ নেন। দেশের শাসনভার গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি কৃষি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ, ১০ লাখ সার্টিফিকেট মামলা থেকে কৃষকের মুক্তি, বকেয়া ঋণ সুদসহ মাফ করে দেন।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ ;
বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। কারন তিনি বাংলাদেশের মানুষের নাড়ির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ দেশের মাটি ও মানুষের জন্য বঙ্গবন্ধুর ছিল অনির্বাণ ভালোবাসা। বিখ্যাত টিভিব্যক্তিত্ব ডেভিড ফ্রস্ট যাকে 'অসাধারণ ভালোবাসার কাহিনী' হিসেবে অাখ্যা দেন। বঙ্গবন্ধু তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী'তে বলেন-"আমি নিজে কমিউনিস্ট নই । তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি। এ পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণের যন্ত্র হিসেবে মনে করি। এই পুঁজিপতি সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন দুনিয়ার মানুষের ওপর থেকে শোষণ বন্ধ হতে পারে না।"
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাংলাদেশ, বাঙালি, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি থেকে উৎসারিত। এর মূল প্রতিপাদ্য ছিল- গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, আন্তর্জাতিক সম্প্রীতি, উন্নয়ন এবং গরিব মানুষের অধিকার। এখন বাংলাদেশের অসাম্প্রদায়িক ও গণতন্ত্রিক চেতনা, স্বাধীন বৈদেশিক নীতি, সংস্কৃতি ও শেকড়ের প্রতি আনুগত্য এবং অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি- সবই পরিচালিত হচ্ছে বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনার আলোকে। উন্নয়ন, আধুনিকতা, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তি ও মর্যাদার যে মশাল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে প্রজ্বলিত করেন, তা এখন তাঁরই কন্যা দেশপ্রেমিক শেখ হাসিনার হাতে।
আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ ;
যে আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন, তারও প্রেরণা বঙ্গবন্ধু। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও চোখ মেলে তাকাতে হবে- বঙ্গবন্ধুর এই দূরদৃষ্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'রূপকল্প ২০২১' গ্রহণে অনুপ্রাণিত করেছে। ২০০৯ সালে দাঁড়িয়ে তিনি ২০২১ সালের বাংলাদেশের জলছবি এঁকেছেন। এই 'রূপকল্পে' বাংলাদেশকে দেখা হয়েছে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, নিরক্ষরতা ও পশ্চাৎপদ মুক্ত এবং সকল কর্মক্ষম মানুষের জন্য কাজ, উপযুক্ত আয়-রোজগার, মাথা গোঁজার ঠাঁই, শিক্ষা ও চিকিৎসাসেবার নিশ্চয়তা সংবলিত এক উন্নত, সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক, এক কথায় আধুনিক বাংলাদেশ হিসেবে। তথ্যপ্রযুক্তির বিশাল বিকাশের চমৎকার সুযোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন, জরুরি দিকনির্দেশনা দিচ্ছেন। এমনকি দূর-দূরান্তের সাধারণ মানুষও তাদের অভাব-অভিযোগের কথা জানাতে পারেন প্রধানমন্ত্রীকে। তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগে দূর এখন অনেক কাছের, অনেক নিকটের হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি দেশের প্রতিটি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র চালু হয়েছে। এসব কেন্দ্র থেকে গ্রামীণ জনগোষ্ঠী বিভিন্ন সরকারি ফরম, নোটিশ, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য, কৃষি, শিক্ষা ও বিভিন্ন সেবাবিষয়ক তথ্য, চাকুরির খবর, নাগরিকত্ব সনদপত্র, পাবলিক পরীক্ষার ফলাফল, বিদেশে যাওয়ার জন্য নিবন্ধনসহ ২২০টি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে। শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছরে এই খাতে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে- মোবাইল ব্যাংকিং, জীবন বীমা, মাটি পরীক্ষা ও সারের সুপারিশ, বিদ্যুৎ বিল পরিশোধ এবং জমিজমা সংক্রান্ত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি। এ ছাড়া প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে মোবাইল স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সিস্টেম চালু।
আবার বঙ্গবন্ধুর কথায় ফিরে আসি। রবীন্দ্রনাথ আমাদের সমগ্র চেতনা ও চৈতন্য জুড়ে। তাঁর উপস্থিতি আমাদের মনোলোকে। আর বঙ্গবন্ধু রয়েছেন আমাদের সামগ্রিক বাস্তবতায়, রয়েছেন মাটি ও মানুষের নিত্যসঙ্গী হয়ে। সীমিত পরিসরে জাতির পিতার সুকৃতি যথার্থ উপস্থাপন অসম্ভব। তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী'র পাতায় পাতায় আমরা এমন এক মহানায়ককে আবিস্কার করি, যাঁর সারা জীবনের স্বপ্নই ছিল তাঁর প্রিয় দেশবাসীকে ঘিরে।
'এ দেশ আমার গর্ব
এ মাটি আমার কাছে সোনা ।
এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত
আমার সহস্র সাধ, সহস্র বাসনা।'
এ শুধু কবি সুভাষ মুখোপাধ্যায়ের বাসনাই নয়, বঙ্গবন্ধুরও বাসনা।
সংগ্রহ:- 'আলোকিত বাংলাদেশ'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন