শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬

ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান

সমাজ ও রাজনীতিতে সবাই 'নেতা' বা 'নায়কের' স্থান করে নিতে পারে না, হাতে গোনা গুটিকয়েক মানুষের পক্ষেই কেবল তা সম্ভব হয়। মাঝে মাঝে অসাধারণ ক্যারিশমা সম্পন্নরা অবশ্য 'বড় নেতা'  অথবা 'মহানায়কের' আখ্যায়ও ভূষিত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তারা সবাই সমসাময়িক কালের নেতা, পারিপার্শ্বিকতার প্রক্ষাপটের নায়ক। কিন্তু 'ইতিহাসের নায়ক' হওয়ার মত যোগ্যতা সম্পন্ন মানুষ সব কালে, সব যুগে সৃষ্টি হয় না। ইতিহাস আপন তাগিদেই তার 'নায়কের' উদ্ভব ঘটায়, আর সেই 'ইতিহাসের নায়ক'ই হয়ে ওঠে ইতিহাস রচনার প্রধান কারিগর-স্থপতি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের একজন বড় মাপের নেতা ও রাজনীতির একজন মহানায়কই শুধু ছিলেন না। তিঁনি ছালেন 'ইতিহাসের নায়ক'। আরো সত্য করে বললে, তিঁনি ছিলেন 'ইতিহাসের এক মহানায়ক'।

রাজনৈতিক-সামাজিক ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়েই বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়কের এই অবস্থানে উত্থিত হতে পেরেছিলেন । তাঁর ভাবনা-চিন্তা আদর্শবোধ জীবন দর্শন ইত্যাদি আত্ম-পরিচয়ের মৌলিক উপাদানগুলো ক্রমান্বয়ে বিকশিত হয়েছে। এক অবস্থান থেকে উন্নতর অবস্থানে সেসবের উত্তরণ ঘটেছে ।উত্তরণ ও বিবর্তনের এই গতি কোন দিন বন্ধ হয়নি, অব্যাহত থেকেছে তাঁর জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত। রাজনীতির অনেক আঁকা-বাঁকা পথে তাঁকে চলতে হয়েছে, অনেক আগু-পিছু করে তাঁকে রাজনীতির পথ পরিক্রম করতে হয়রছে, বাস্তবতার প্রতিকূলতার মুখে কখনো কখনো তাঁকে সাময়িক আপোষও করতে হয়েছে,- কিন্তু তাঁর সার্বিক বিবর্তনের গতি ছিল সামনের দিকে, প্রগতি অভিমুখে। এটাই ছিল নিশ্চিত ও অবশ্যম্ভাবী। কেন? কারন, তিঁনি ছিলেন সাধারণ মানুষের লোক, ছিলেন জনতার নেতা। রাজনীতির তাত্ত্বিক পণ্ডিত তিঁনি কখনই ছিলেন না। তিঁনি সর্বজ্ঞানী অথবা কোন এক বা একাধিক বিষয়ে দক্ষ বিশেষজ্ঞও ছিলেন না। কিন্তু তিঁনি ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান একজন নেতা। তিঁনি ছিলেন মানুষের লোক। মানুষের কাছ থেকে তিঁনি গ্রহণ করতে পারতেন, বিচার-বিবেচনার রসদ সঞ্চয় করতে পারতেন। সব বিষয়ে শেষ ভরসা করতেন মানুষের ওপরে। মানুষের ওপর, জনতার ওপর তাঁর এঁহেন অপার ভালবাসা ও নৈকট্যই তাঁর ক্রমবিবর্তনের প্রগতিমুখীন হওয়াটাকে অবশ্যম্ভাবী করে তুলেছে। 

শুরুতে ছিলেন দুরন্ত কিশোর - মুজিবর। অনেকের কাছে মুজিব ভাই। তারপর মুজিবুর রহমান, অথবা শেখ মুজিবুর রহমান। তারপর বহুদিন ধরে মানুষের মুখে মুখে তাঁর নাম ছিল 'শেখ সাহেব'। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর নতুন পরিচয় 'বঙ্গবন্ধু'। একাত্তরের পর তিঁনিই স্বাধীন দেশের স্থপতি 'জাতির পিতা'। তিন দশক সময়কালের মধ্যে এভাবেই ঘটেছিল তাঁর অবস্থানের উত্তরণ। 

তিন দশকের রাজনৈতিক জীবনে তাঁর চিন্তাধারা-জীবন দর্শনেও উত্তরণ ঘটেছে। শুরুটা ছিল পাকিস্তান আন্দোলনের ছাত্র-কর্মী হিসেবে। কিন্তু সে সময়ও মুসলিম লীগের মধ্যে উদারনৈতিক ও কিছুটা প্রগতিমুখীন যে প্রবণতা ও অংশ ছিল, বঙ্গবন্ধু ছিলেন সেই আবুল হাশেম-সারোয়ার্দ্দী সাহেবের অনুগামী। তিঁনি ছিলেন ঢাকার নবাবদের নেতৃত্বাধীন প্রতিক্রিয়াশীল অংশের বিরুদ্ধে। তিনি একই সাথে ছিলেন নেতাজী সুভাষ বোসের ভক্ত। কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিষ্ট- এই তিন দলের ঝাণ্ডা নিয়ে কলকাতায় 'রশিদ আলী দিবস' পালনসহ নানা কর্মসূচিতে সঙ্গী-সাথী অনুগামীসহ তিনি ছিলেন একজন উৎসাহী যৌবন দীপ্ত অংশগ্রহণকারী। মুসলিম লীগের কর্মী হওয়া সত্ত্বেও তখন থেকেই কমিউনিষ্ট ও বামপন্থীদের সাথে তাঁর পরিচয়, কিছুটা ঘনিষ্ঠতার সূচনা। তখন থেকেই তাঁর মাঝে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি একটি গভীর মনের টানের উন্মেষ। সাথে সাথে অসাম্প্রদায়িক বোধের জাগরণ।

পাকিস্তান সৃষ্টির পর বাঙালি জাতির ওপর পরিচালিত  শোষণ-বঞ্চনা, বাংলা ভাষার ওপর আঘাত, প্রতিক্রিয়াশীল অংশের দ্বারা মুসলিম লীগের নেতৃত্ব করায়াত্ত হওয়া ইত্যাদি তাঁকে অতি দ্রুতই পাকিস্তান সম্পর্কে মোহমুক্ত করে তুলে। সাধারণ কর্মচারীদের দাবি নিয়ে সংগ্রাম করে তিঁনি জেলে যান। ★মুসলিম লীগের বিরুদ্ধে বিদ্রোহ করে তিঁনি ভাষানী-সারোয়ার্দ্দীর নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের একজন প্রধান সংগঠক হয়ে ওঠেন। জেলে ও জেলের বাইরে আওয়ামী লীগে কাজ করতে করতে কমিউনিষ্ট ও বামপন্থীদের সাথে তার সংযোগ আরো ঘনিষ্ঠ হয়। 

প্রাদেশিক মন্ত্রিসভায় 'শেখ সাহেব' দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ ভেঙে ন্যাপ গঠিত হয়। চলে নবগঠিত ন্যাপের ওপর আওয়ামী-হামলাবাজি। 'শেখ সাহেব' অচিরেই বুঝতে সক্ষম হন যে, বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে হলে শুধু তার নেতা সারোয়ার্দ্দী সাহেবের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। দলের ভিন্নরূপ সিদ্ধান্ত সত্ত্বেও এ্যাসেমব্লিতে ন্যাপ উত্থাপিত স্বায়ত্তশাসনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে তিঁনি অস্বীকৃতি জানান।  প্রগতিশীলতাদের সাথে নৈকট্য আরো বৃদ্ধি পায়।

আইউবী সামরিক শাসন জারির পর প্রবল নির্যাতন ও আক্রমণের মুখে 'শেখ সাহেব' অনেক দিন হতাশায় আচ্ছন্ন থাকার পর আবার চাঙা হয়ে ওঠেন। '৬১- সালের শেষ দিকে আন্ডারগ্রাউন্ড কমিউনিষ্ট পার্টি নেতা মনি সিংহ, খোকা রায় প্রমুখের সাথে কয়েকটি গোপন বৈঠকে তিঁনি মিলিত হন। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন সূচনা করার কৌশল নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 'শেখ সাহেব' একাধিকবার পার্টির নেতাদের বলেন যে, গণতন্ত্র, বন্দীমুক্তি প্রভৃতি দাবির সাথে পূর্ব বাংলার স্বাধীনতার দাবিও এখনই ওঠানো উচিৎ। পার্টির নেতারা তাঁকে বুঝানোর চেষ্টা করেন যে, 'স্বাধীনতার দাবিটি সঠিক বটে' তবে তা উত্থাপনের জন্য এখনো অবস্থা পরিপক্ক হয়নি। এখন গণতন্ত্রের দাবি নিয়ে ছাত্রদের মধ্য থেকে আন্দোলন শুরু করতে হবে।' 'শেখ সাহেব' তাঁর নেতা সারোয়ার্দ্দী সাহেবের সাথেও কথা বলেন। শেষ বৈঠকে তিঁনি পার্টির নেতাদের বলেন যে, 'দাদা, আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু তার পরেও আমার কথা থেকে গেল, যুক্তিগুলো সব মানলাম না'।

সামরিক শাসনবিরোধী আন্দোলনের বছরগুলোতে জেলখানাগুলো ভরে উঠল রাজনৈতিক বন্দীদের দিয়ে। 'শেখ সাহেব' এবং আরো অনেকেরই নিয়তি হলো জেলে যাওয়া, আবার বের হয়ে আসা, আবার জেলে যাওয়া। 'শেখ সাহেব' ও দেখলেন যে 'আমরা তো আসি-যাই, কিন্তু জেলখানার প্রায় স্থায়ী বসবাসকারী হয়ে রয়েছেন কমিউনিস্ট নেতারা। তাদের কাজ তো দেখি সবসময় আমাদেরকে অভ্যর্থনা জানানো ও বিদায় দেওয়া।' কমিউনিস্টদের আত্মত্যাগ তাঁকে অভিভূত করে। এ কারনে তিঁনি আজীবন কমিউনিস্টদেরকে শ্রদ্ধার চোখে দেখেছেন। তাদের সমাজতন্ত্রের আদর্শের প্রতিও একটি সহানুভূতি ও আকর্ষণ তাঁর মধ্যে গড়ে উঠতে থাকে।

৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর 'শেখ সাহেব' বুঝতে পারেন যে, এখন স্বায়ত্তশাসনের দাবিকে সামনে রেখে বাঙালির স্বাধিকারের জন্য জোরেশোরে নামার সময় এসে গেছে। তিঁনি ৬-দফা দাবি পেশ করে আন্দোলনে নেমে পড়েন। আওয়ামী লীগের প্রবীণ ও নামডাকওয়ালা নেতাদের আপত্তি অগ্রাহ্য করে তিনি দৃঢ়চেতাভাবে এগিয়ে যেতে থাকেন। আইউব-মোনায়েম সরকারের আক্রমণকে উপেক্ষা করে সাহসী মহাবীরের মত আপসহীনভাবে এগিয়ে যেতে থাকেন বাঙালির স্বাধিকারের দাবি নিয়ে। দলের কর্মীরা শুধু নয়, সমগ্র দেশবাসী এই ৬-দফা আন্দোলনকে কেন্দ্র করে তাঁর পেছনে সমবেত হতে থাকেন।

সরকার মরিয়া হয়ে তাঁর বিরুদ্ধে 'আগরতলা ষড়যন্ত্র মামলা' দিয়ে তাঁকে সবদিক থেকে 'শেষ করে দেয়ার' চেষ্টায় নামে। কিন্তু 'শেখ সাহেব' ছিলেন ইতিহাসের পক্ষে এবং ইতিহাস সৃষ্টির মতো প্রজ্ঞা, জেদ, প্রত্যয় ও দক্ষতাসম্পন্ন। পাক সরকারে প্রতিটি আঘাত তাঁর জন্য বীরমাল্য স্বরূপ ভূষণ হয়ে ওঠে। ক্রমান্বয়ে তাঁর জনপ্রিয়তা অসামান্য উঁচু স্তরে পৌছে যায়। তিঁনি হয়ে ওঠেন বাঙালির একক ও অবিসংবাদিত নেতা। ৬-দফাকে প্রগতিশীল কর্মসূচিতে সমৃদ্ধ করে রচিত হয় ঐতিহাসিক ১১-দফা। সংগঠিত হয় ঊনসত্তরের গণঅভ্যত্থান। মুক্ত হয়ে আসেন মহানায়ক। শেখ সাহেব হয়ে ওঠেন 'বঙ্গবন্ধু'।

'৭০-এর নির্বচনে বঙ্গবন্ধু তাঁর দলকে নিয়ে অভূতপূর্ব বিজয় ছিনিয়ে আনে। ইয়াহিয়া খান সেই বিজয়কে কেড়ে নেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পরিষদের বৈঠক বাতিল করে দেয়। দেশের অঘোষিত সরকার প্রধান বঙ্গবন্ধু কর্তৃক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অধিকার নস্যাৎ করার পথ গ্রহণ করা হয়। প্রতিবাদে গর্জে ওঠে সমগ্র বাঙালি জাতি। বঙ্গবন্ধু জনতার ক্রোধ ও স্বাধিকারের প্রত্যয়কে ধারণ করে জাতিকে স্বাধীনতার সংগ্রামের পথে এগিয়ে নেন। ৭ মার্চের ভাষণে তিঁনি বলেন, 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। 'তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো'।...ইত্যাদি। স্বাধীনতার পথে বাঙালির যাত্রার শীর্ষ পর্যায়ের ও প্রত্যক্ষ অধ্যায়ের সূচনা সেখান থেকেই। বঙ্গবন্ধু হয়ে উঠলেন স্বাধীনতার জন্য জাগ্রত জাতির ঐক্যের প্রতীক। স্বাধীনতার স্থপতি। জাতির জনক।

১৬ ডিসেম্বর বাংলাদেশ হানাদার মুক্ত হয়। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের কারাগার মুক্ত হয়ে স্বাধীন স্বদেশের মাটিতে পদার্পণ করেন জাতির জনক। নতুন রাষ্ট্রের চরিত্র ও বৈশিষ্ট্যকে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় সাংবিধানিক রূপ প্রদানের কাজটি তাঁর নেতৃত্বে পরিচালিত হয়। রচিত হয় '৭২-এর সংবিধান, ঘোষিত হয় ৪ রাষ্ট্রীয় মূলনীতি।

একথা সত্য যে, শেষ বিচারে ইতিহাসের স্রষ্টা হলো জনগণ। কিন্তু ব্যক্তির ভূমিকাকেও ইতিহাস অগ্রাহ্য করে না। ইতিহাসের চাহিদা অনুযায়ী যে ব্যক্তি জনগণকে জাগিয়ে তুলতে পারেন, এবং জাগ্রত জনগণের গণবাণীকে সঠিক রূপে প্রতিফলিত করতে পারেন-তিনিই হয়ে ওঠেন 'ইতিহাসের নায়ক'।

অন্যায়ের সাথে যিঁনি কবু করেনি তো আপস ন্যায়ের পথে ছিলেন বহমান, তিঁনি সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'- তোমাকে সালাম !


সংগ্রহ:- মত ও পথ। লেখক- মুজাহিদুল ইসলাম সেলিম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন